রাজস্বের একটি টাকাও খরচ না করে সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার সম্পন্ন করার পর, আগামী বিশ্বকাপে বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে বড় অঙ্কের মুনাফা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

গতকাল রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার ও ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা জানান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর পক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদপত্র তুলে দেন। তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে এই শুভেচ্ছা গ্রহণ করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তা ও সঠিক দিকনির্দেশনার প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, “সরকারের কৃচ্ছ্রতাসাধন নীতির মধ্যে থেকেও দেশের বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষ যাতে খেলা দেখা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছিলেন। বিকল্প কাঠামো তৈরি করে সেই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। এ বিশাল সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রীর।”ভবিষ্যতের সম্প্রচার পরিকল্পনা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, “এবারের বিশ্বকাপে আমরা শূন্য ব্যয়ে খেলা সম্প্রচার করার চ্যালেঞ্জে জয়ী হয়েছি। তবে আগামী বিশ্বকাপে আমাদের লক্ষ্য কেবল বিনা খরচে খেলা দেখানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিজ্ঞাপনের বিশাল বাজার থেকে বড় ধরনের রাজস্ব উপার্জন করে একে একটি লাভজনক ইভেন্টে পরিণত করাই সরকারের মূল লক্ষ্য।”

দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান ইতিবাচক পরিবেশ প্রসঙ্গে তিনি আরও বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যুবসমাজকে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে যুক্ত করতে পারলে মাদকমুক্ত সমাজ ও সুস্থ মনোজগৎ গঠনের পাশাপাশি দক্ষ জনবল তৈরি হবে। বর্তমান সরকার খেলাধুলাকে কেবল বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল সম্প্রচার কার্যক্রমের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী তারেক রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, বিটিভির মহাপরিচালক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তথ্যমন্ত্রী।