গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ সীমান্ত স্টেশন রহনপুর—রেলপথে আন্তর্জাতিক বাণিজ্যের এক সক্রিয় করিডর। ভারতের সিঙ্গাবাদ স্টেশনের সঙ্গে সংযুক্ত এই স্টেশন দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। ফলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সরকার এখান থেকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব অর্জন করে থাকে।
এই গুরুত্বপূর্ণ রুটে যাত্রীসেবার উন্নয়নের অংশ হিসেবে রাজশাহী থেকে রহনপুর ও চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী লোকাল ট্রেনটিকে কমিউটার ট্রেনে রূপান্তর করা হয়েছে। “পুনর্ভবা কমিউটার” (ট্রেন নং-৫৭/৫৮) নামে পরিচিত এই ট্রেনটি প্রতিদিন সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায় এবং রাজশাহীÑরহনপুরÑচাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী অন্যতম প্রধান কমিউটার হিসেবে বিবেচিত। নাম ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে উন্নত সেবা প্রদানের কথা থাকলেও বাস্তবে যাত্রীদের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা।
সবচেয়ে বড় অভিযোগ- এখনো চালু হয়নি ই-টিকেটিং ব্যবস্থা। আধুনিক রেলসেবার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হওয়া সত্ত্বেও এই রুটে যাত্রীদের এখনো নির্ভর করতে হচ্ছে পুরনো কাউন্টারভিত্তিক টিকিট ব্যবস্থার ওপর। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র টিকিট সংকট, যা প্রতিদিনই যাত্রীদের দুর্ভোগ বাড়াচ্ছে।