নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই বহিষ্কারাদেশ কার্যকরের পর সংসদীয় ও দাপ্তরিক নিয়ম অনুযায়ী আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠির মাধ্যমে অবহিত করেছে দলটি।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রকাশিত কিছু নেতিবাচক সংবাদের ওপর ভিত্তি করে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ সত্য প্রমাণিত হলে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বহিষ্কারের এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২২ জুলাই বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব অনুমোদিত হয়।
দলীয় সিদ্ধান্তের পরপরই জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে আজ বৃহস্পতিবার দাখিল করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরিত এই পত্রে জানানো হয় যে, গঠনতন্ত্র অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। নির্বাচন কমিশন যেন দল থেকে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে আমলে নেয় এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে—চিঠিতে জামায়াতের পক্ষ থেকে সেই অনুরোধ স্পষ্টভাবে জানানো হয়েছে।