নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকায় তার মেয়ের নাম দুই জায়গায় থাকার অভিযোগে তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেলে বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনে অবহেলার কারণে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশটি ২৬ জুন থেকেই কার্যকর বলে গণ্য হবে।
এদিকে, রবিবার (২৮ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে জানিয়েছেন, সম্প্রতি সংঘটিত একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের নড়াইল-২ আসনের বিরোধী দলের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
এর আগে, সংসদ সচিবালয়ের অনুমোদিত ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের একটি তালিকায় সংসদ সদস্যের মেয়ের নাম দুই জায়গায় থাকার অভিযোগে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তালিকা জমা দেওয়ার দায়িত্ব তিনি তার ব্যক্তিগত সহকারীকে দিয়েছিলেন। কিন্তু তার অগোচরে পরিচিত কয়েকজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।