জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন তিনটিসহ মোট ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা।

মঙ্গলবার (৯ জুন, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ২ হাজার ২২৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭ কোটি ২৮ লাখ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করার তথ্য দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদিত আট প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প তিনটি, সংশোধিত প্রকল্প তিনটি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প দুটি।

এসব প্রকল্প হল: পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ)’ প্রকল্প। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এ লিফট সংযোজন’ প্রকল্প । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা সিএমএইচ এ ক্যান্সার সেন্টার নির্মান (দ্বিতীয় পর্যায়) (প্রথম সংশোধন)’ প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (তৃতীয় সংশোধন)’ প্রকল্প ও দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (প্রথম সংশোধিত) প্রকল্প।

সভায় পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ছয়টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়।

সেগুলো হল: বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনকরণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প। নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ। ঢাকা সেনানিবাস এমইএস ট্রেনিং সেল এর অবকাঠামো সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প। Accelerating Action to End Child Marrage in Bangladesh (Phase-II) প্রকল্প। পাইকগাছা কৃষি কলেজ স্থাপন, খুলনা (দ্বিতীয় সংশোধন) প্রকল্প।