ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন বাংলাদেশের ১১ দলীয় জোটের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের বিশেষ আমন্ত্রণে ৩ জুলাই (শুক্রবার) থেকে আগামী ৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত এই প্রতিনিধিদলটি ইরান সফর করবেন। সেখানে তাঁরা মরহুম সর্বোচ্চ নেতার বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, এমপি-এর নেতৃত্বে এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি তেহরান গেছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন: ড. মো. কেরামত আলী, এমপি (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর); মো. নুরুল আমীন, এমপি; পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা, এমপি (বাংলাদেশ খেলাফত মজলিস); জামায়াতের ডা. এসএম খালিদুজ্জামান; নাসীরুদ্দিন পাটোয়ারী (এনসিপি নেতা)।

কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের অংশগ্রহণ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

প্রতিনিধিদলটি আগামী ৯ জুলাই সফর শেষ করে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।