নিখোঁজের ১৮ ঘন্টা অতিক্রম হওয়ার পরও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহম্মেদ উদ্ধার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (১২ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুমিকা নিয়েও প্রশ্ন করেছেন তিনি।

পোস্টে জামায়াত আমির লিখেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ অপহৃত হয়েছেন। ১৮ ঘণ্টা অতিক্রম হওয়ার পরও তিনি এখন পর্যন্ত উদ্ধার না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে? অতি দ্রুত তাঁকে উদ্ধার করে তাঁর আপনজনদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

এর আগে গতকাল রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ শেষ করার পর থেকেই জিসান আহম্মেদ প্রধানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনলাইন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে গতকাল রাত ৮টা ২৯ মিনিটে তাকে সর্বশেষ সক্রিয় (অ্যাক্টিভ) দেখা গিয়েছিল। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।