জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দ্রুত শ্রম সংস্কার বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলরুমে প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্রমিক-জনতার আত্মত্যাগ স্মরণ, গণঅভ্যুত্থানের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্মাণ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দীর্ঘদিনের অপশাসন থেকে মুক্ত হয়েছে। এই ঐতিহাসিক আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি নির্মাণ শ্রমিকদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এ আন্দোলন চলাকালে বহু শ্রমিক প্রাণ হারিয়েছেন।”

তিনি অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও জুলাই সনদের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। একই সাথে নির্মাণ খাতে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, সামাজিক নিরাপত্তা, চিকিৎসা ও শিক্ষা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা এবং একটি পৃথক ‘নির্মাণ শ্রমিক বোর্ড’ গঠনের দাবি জানান। বৈষম্য দূর করে শ্রমিকবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “শ্রমিকদের রাজপথের আন্দোলনের মুখে ঠেলে না দিয়ে দেশ পুনর্গঠনে তাঁদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, নির্মাণ শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান এবং আগামী জাতীয় বাজেটে শ্রমিকবান্ধব পদক্ষেপ নেওয়া না হলে শ্রমিকসমাজ তার যোগ্য জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন।

প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক জামিল মাহমুদের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মহিবুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আব্দুস সালাম, নির্মাণ সেক্টর সভাপতি নুরুল আমিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু এবং স্টিল ইঞ্জিনিয়ারিং কর্মচারী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আবুল হাসেমসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।