বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় আহত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃত্যুতে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আজ (৫ জুলাই) এক বিবৃতিতে তিনি এ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৫ জুন ভেলুরচক গ্রামে বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের ভাড়াটে সন্ত্রাসীরা রফিক আকন্দ ও তার পরিবারের ওপর সশস্ত্র হামলা চালায়। নিজের বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মাথায় সন্ত্রাসীরা প্রচণ্ড আঘাত করে। এ সময় তার বৃদ্ধ মা জোসনা বেগমকেও পিটিয়ে আহত করা হয়। দীর্ঘ দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৪ জুলাই শনিবার রাতে সম্রাট হোসেন বাপ্পা মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জামায়াতের সেক্রেটারি বলেন, “কোনো রাজনৈতিক পরিচয় বা সামাজিক অবস্থানই অপরাধীদের রক্ষা করার ঢাল হতে পারে না। ক্ষমতার দাপট দেখিয়ে মানুষ হত্যা করে পার পাওয়ার দিন শেষ।”

তিনি এ পর্যন্ত প্রধান অভিযুক্ত আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রীকে গ্রেপ্তারের পদক্ষেপকে স্বাগত জানান। তবে একইসাথে মামলার এজাহারভুক্ত বাকি নামধারী এবং অজ্ঞাতনামা সকল ভাড়াটে সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর তাগিদ দেন। তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিবৃতিতে জনাব মিয়া গোলাম পরওয়ার মরহুম সম্রাট হোসেন বাপ্পার রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।