টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। এতে কেউ হতাহত না হলেও বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, বাসটি মিরপুর রুটে চলাচল করে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা–কর্মচারীদের এই বাসে করে আনা–নেওয়া করা হয়। আজ সকাল আটটার দিকে বাসটি বিশ্ববিদ্যালয়ে এসে কর্মকর্তা–কর্মচারীদের নামায়। এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বাসটি রাখা হয়। বাসের পাশেই ছিল একটি কৃষ্ণচূড়া গাছ।
সরেজমিনে দেখা যায়, কৃষ্ণাচূড়া গাছটি বাসটির মাঝ বরাবর পড়ে। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় বাসটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাছটি কেটে সরানোর কাজ শুরু করেন। এসময় বাসটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হয়।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রাকিবুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীন ভূমিকার কারণে আজ এই ঘটনা ঘটেছে। নিয়মিত গাছগুলোকে পর্যবেক্ষণে রাখলে এ ঘটনা এড়ানো সম্ভব হতো। বাসের আশেপাশে কোন শিক্ষার্থী থাকলে আজ বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারতো।
এবিষয়ে পরিবহন প্রশাসক তারিক বিন আতিক বলেন, সকালে ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর এক বড় গাছ উপড়ে পড়ে। তবে এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আনুমানিক তিন থেকে চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে।