প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ নগর গড়ার লক্ষ্যে কয়েকশ ফুল ও নিমগাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, ইলিশাই রিসিলসহ করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা।

প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি টেকসই নগর ব্যবস্থা গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চল, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, খালপাড় ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। রোপিত প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসা, প্রতিষ্ঠান ও আশপাশে অন্তত একটি করে গাছ লাগিয়ে সবুজ গাজীপুর গড়ে তোলার আহ্বান জানান তিনি।