ডিমের উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নিশ্চিত এবং বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছেন প্রান্তিক পোল্ট্রি খামারিরা।

শনিবার দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার খামারিরা অংশ নেন।

মানববন্ধনের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে অংশ নেওয়া খামারিদের অভিযোগ, পোল্ট্রি ফিড, ওষুধ ও খামার পরিচালনার অন্যান্য খরচ ধারাবাহিকভাবে বাড়লেও উৎপাদক পর্যায়ে ডিমের ন্যায্যমূল্য মিলছে না। ফলে প্রতিটি ডিম বিক্রিতে লোকসানের মুখে পড়ছেন তারা। অথচ খুচরা বাজারে ভোক্তাদের কাছ থেকে তুলনামূলক বেশি দামে ডিম বিক্রি করা হচ্ছে বলে দাবি করেন তারা।

খামারিদের মতে, বাজারে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের প্রভাবের কারণেই উৎপাদক ও ভোক্তা-উভয় পক্ষই ক্ষতির শিকার হচ্ছে। তাই বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি বাড়ানো, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নেওয়া খামারি মনির হোসেন বলেন, উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়লেও সেই অনুযায়ী ডিমের দাম না পাওয়ায়

ছোট খামারগুলো টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে অনেক প্রান্তিক খামারি খামার বন্ধ করতে বাধ্য হবেন। এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খামারিরা কিছু সময় মানববন্ধন ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।