চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে কমল মার্ডি (২২) নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কমল মার্ডি দায়েমপুর গ্রামের সুনিল মার্ডির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে আশ্রয়ণ প্রকল্পের একটি বাসায় পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকাকালে কমল মার্ডি ঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক জেলা হাসপাতালে পাঠায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।