আব্দুল কাদের (সমন্বয়ক)
ইবরাহীম খলিল
জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, জুলাই গুটি কয়েক ব্যক্তির না। জুলাইকে যারা কুক্ষিগত করে রাখতে চায় তাদের না। জুলাই আপনার আমার সবার। ওই যে ছোট্ট শিশুর যে টুপি মাথায় দিয়ে পুলিশের সামনে গিয়ে শহীদ হয়ে গেছে, জুলাই ওই শিশুর। জুলাই শহীদ আনাসের; যে ব্যক্তি চিঠিতে লিখে গিয়ে বলেছিল যে, মা আমাকে যেতে দেন। জুলাই ওই শিশুকে মা বাধা দিলেও বলেছে আমাকে আন্দোলনে যেতে দেন। ওই শহীদ রিয়া গোপ-শহীদ আনাসের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের জুলাইকে সমুন্নত রাখতে হবে। সাবধান। আমরা যে জুলাইকে যেন প্রশ্নবিদ্ধ না করি। কোন ব্যক্তির বিরুদ্ধে বিতৃষ্ণা কাজ করতে পারে সেই বিতৃষ্ণা জুলাইয়ের মধ্যে না আসে। আমরা যদি এই মনোভাব ধারণ করি তাহলে বিরোধীরা এই সুযোগটাকে কাজে লাগাবে। আমরা কখনো ব্যক্তি স্বার্থে জুলাই প্রশ্নবিদ্ধ করবো না। যে কোন মূল্যে জুলাইকে সমুন্নত রাখতে হবে।
দৈনিক সংগ্রামের সাথে আলাপকালে আব্দুল কাদের বলেন, আমরা যারা মৌন সমর্থন দিয়ে রাজপথে ছিলাম; যেভাবে জুলাইকে ধারণ করেছি, এখনো আমাদের কর্মের মাধ্যমে জুলাইকে ধারণ করতে হবে। জুলাইয়ের স্পিরিট, নতুন বাংলাদেশ গড়ে তোলা, সম্প্রতির বাংলাদেশ গড়ে তোলা। আবারো একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজের মাধ্যমে জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করবো। বিভক্তি আমাদের সবচেয়ে দুর্বল করে দিয়েছে। আমাদের বিভক্তি বিরোধীদের শক্তিশালী করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। আর নয় কোন বিভক্তি। এই আমার আহ্বান বাংলাদেশের মানুষের প্রতি।
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, জুলাই অভ্যূত্থান পরবর্তী বর্তমান যে সরকার তাদের অনেক বেশি দায়িত্ব রয়েছে। সরকারের অনেকে জুলাইয়ের নাম শুনতে পারেন না। তারা বলে ওঠেন জুলাই আবার কি ? আমি আবারো বলছি, ব্যক্তির বিরুদ্ধে বিদ্বেষ নয়, জুলাই আমাদের সবার। জুলাইয়ের প্রতি তাদের দায়বদ্ধতা আছে। আমাদের প্রধানমন্ত্রী সুন্দর সুন্দর কথা বলেন। অনেক জাগানিয়া কথা বলেন। তৃণমূল পর্যায়ে এর প্রতিফলন দেখা যায় না। আমি বলবো কাজির গরু কেতাবে আছে গোয়ালে নাই। গরুকে আমরা কেতাব এবং গোয়াল দুই জায়গাতেই দেখতে চাই। তাহলেই আগামীর বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ হবে। আমি আশঙ্কা করি দেশের জন্য যারা শহীদ হয়েছেন তারা কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করবেন আমাদের যে, আমিতো দেশের জন্য জীবনটা বিলিয়ে দিয়ে এসেছি। আপনারা কি করেছেন ? আমি আকুতি জানাই ---আমরা যেন কিয়ামতের দিন শহীদদের প্রশ্নের জবাব দিতে পারি।
জুলাইকে নিয়ে বিভক্তি তৈরি হয়েছে। সেই বিভক্তি দূর করতে উদ্যোগ নিবেন কি-না এমন প্রশ্নে আব্দুল কাদের বলেন, জুলাই পরবর্তী সময়ে সবার উচিত জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করা। সেটা যার যার জায়গা থেকে বিভিন্ন ওয়েতে হতে পারে। আমার মনে হয় একসাথে করতে পারলে অনেক ভাল হয়। তবে সবাই একত্রিত হতে না পারলে যার যার অবস্থান থেকে কাজ করতে পারে। কাজের মধ্য দিয়ে সবাই একত্রিত হতে পারে।
তিনি যোগ করেন জুলাই আন্দোলনে বিভিন্ন মত পথের মানুষ আছে। জুলাইতে ডান বাম সবাই একত্রিত হয়েছে। আমাদের কার্যক্রমগুলো যেন জুলাইয়ের স্পিরিটের বিপক্ষে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
৯ দফা ঘোষণা নিয়ে করা এক প্রশ্নের জবাবে আব্দুল কাদের আরও জানান, আসলে সবার মুখে মুখে যে দাবিগুলো আলোচনায় ছিল আমি সেগুলোকে একত্রিত করেছি। এক্ষেত্রে একক ব্যক্তির ক্রেডিট নাই এখানে। আন্দোলনের সময় এই বিষয়গুলো সবার মুখে মুখে আলোচনায় ছিল। সেগুলো একত্রিত করে আমি তা প্রকাশ করেছি।