বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর মধ্য থানার রুকন বশির আহমেদ গত ২৫ এপ্রিল শনিবার রাত ৯ টায় রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ব্রেন স্ট্রোক, কিডনি সমস্যা ও বার্ধক্যজনিক জটিলতা সহ নানাবিধ শারীরিক সমস্যায় ভূগছিলেন। তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জোর মোহাম্মদপুর টাউন হল সংলগ্ন বায়তুল ফালাহ মসজিদের মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজে জানাজায় স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
শোকবাণী : বশীর আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, ‘মরহুম বশির আহমেদ ছিলেন ইসলামী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। তিনি ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সে লক্ষ্যে অবিচাল ও আপসহীন ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালাম’।
মহানগরী নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তাঁরা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারনের তাওফিক কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।